পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ভজনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মেজার উদ্দিন (৫৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ছলিম উদ্দিন ও তার সঙ্গী মেজার উদ্দিন (৫৫) বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য অটোরিকশাতে ভজনপুর আসছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা ইউএনও’র গাড়িটি অটোটিকে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হন। এসময় ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন তার গাড়িতে করে আহত যাত্রীদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।
পরে গুরুতর আহত ব্যক্তিদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ছলিম উদ্দিনের মৃত্যু হয়। নিহত ছলিম উদ্দিনের বাড়ি উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামে। সে ওই এলাকার মৃত পিয়ারউদ্দিন আহামদের পুত্র।
ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মকছেদ আলী ইউএনও’র গাড়ির ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ ছলিমউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. বেলায়েত হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, উল্টো পথে অটোটি রাস্তা ক্রসিং করছিল। এসময় গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পরিবার থেকে দীর্ঘদিন ‘বিচ্ছিন্ন’ ছিল মুকুল রানা
তনুর বাবাকে গাড়িচাপায় হত্যার চেষ্টা!
/এমও/








