দিনাজপুরের হিলিতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-এর (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি মাঝারি ধরনের ছোড়া, ছয়টি বোমাসদৃশ তাজা ককটেল উদ্ধার করা হয়। বুধবার ভোররাতে হিলির ডাঙ্গাপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশ থেকে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের জেএমবির সদস্য বলে স্বীকার করেছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়।
আটককৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম পূর্বপাড়া এলাকার আবু গালিবুর রহিম (২৩), হাকিমপুর উপজেলার মুজাহিদুল হক মাত্তুম (২০) এবং একই উপজেলার পাউশগাড়া গ্রামের আবু নাইম ফারুকি আজম (২০)।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে দিনাজপুর ডিবি পুলিশের একটি দল হিলির ডাঙ্গাপাড়া এলাকার ঈদগা মাঠ এলাকায় অভিযান চালিয়ে শরীরে বহনকালে দেশীয় অস্ত্রসহ ওই তিনজনকে আটক করে। পরে তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে যার মামলা নম্বর ১৮। পরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: লাউয়াছড়ায় গাছ কাটা নিয়ে অসন্তোষ
/এআর/এএইচ/








