রংপুর কেন্দ্রীয় কারাগারে রেড এলার্ট জারি করে প্রবেশ পথসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।এছাড়া মোবাইল ফোন নিয়ে কারাগার চত্বরে প্রবেশ নিষিদ্ধসহ মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করা হচ্ছে। সম্ভাব্য জঙ্গিসহ যেকোনও ধরনের হামলা প্রতিরোধে অস্ত্রধারী কারারক্ষীরা এ সতর্ক অবস্থান নিয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, রংপুর কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতার দেড় গুণ বন্দি অবস্থান করছে। এখানে বন্দিদের ধারণ ক্ষমতা হচ্ছে ১ হাজার ২৭৯ জন। সেখানে বর্তমানে বন্দি রয়েছে ১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক নারীসহ ৪৪ জন আসামি রয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সাজাপ্রাপ্ত আসামি আছে ২৯ জন এবং বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছে আরও ৬ জন।
কারাকর্তৃপক্ষ জানান,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রংপুর কারাগারে হাই সিকিউরিটি এলার্ট জারি করা হয়েছে। আটক জঙ্গিদের ওপর নজরদারি বৃদ্ধি তাদের সঙ্গে সাক্ষাত প্রার্থীদের ব্যাপারেও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রবেশ পথে মেটাল ডিটেকটর দিয়ে পরীক্ষার পাশাপাশি শরীর তল্লাশি করা হচ্ছে। একইভাবে নারী দর্শনার্থীদের প্রবেশ পথেই আলাদা কক্ষে নিয়ে গিয়ে নারী কারা রক্ষি নিয়ে তল্লাশী করা হচ্ছে। দর্শনার্থীদের মোবাইল ফোন নিয়ে কারাগারে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে কারাগারে প্রবেশের প্রধান ফটকের পাশের দেয়াল ছোট হওয়ায় অনেকে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। সেজন্য ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কারাগারে প্রবেশে কড়াকড়ি আরোপ করায় দর্শনার্থীদের সমস্যা হলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাকে স্বাগত জানিয়েছে দর্শনার্থীরা।
এ ব্যাপারে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার রত্না রায় জানান, ১৯৯৭ সালে রংপুর জেলা কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে রুপান্তরিত করা হলেও জেলা কারাগারের পুরনো জনবল দিয়ে কারাগারের কার্যক্রম চালাতে হিমসিম খেতে হচ্ছে তাদের। এখানে মাত্র ২ জন ডেপুটি জেইলর আছেন, সার্জেন্ট নেই। অন্যান্য জনবল অপেক্ষাকৃত অনেক কম।
তিনি আরও জানান, এ কারাগারের বেশিরভাগ ভবন অনেক আগেই ব্যবহার অনুপযোগী ঘোষণা করা হলেও ঝুঁকি নিয়ে সেখানে অবস্থান করতে হচ্ছে। তবে শিগগিরই কেন্দ্রীয় কারাগারের সুযোগ সুবিধা সম্বলিত ভবন নির্মাণ করার প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে শিগগিরই সমসস্যার সমাধান করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
/এআর/








