রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে নারী ও শিশুসহ ৪৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে কমপক্ষে আটটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। শনিবার দুপুরে পীরগজ্ঞ উপজেলার কুমেদপুর ইউনিয়নের বেড়াখাই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৫ জনকে পীরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগজ্ঞ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বেড়াখাই গ্রামের নজির হোসেন ও তার লোকজনের সঙ্গে পার্শ্ববর্তী পার্বতীপুর গ্রামের মোকছেদ আলীর প্রায় সাড়ে ৪ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের কারণে আগেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে মোকছেদ আলীর পক্ষের লোকজন আকস্মিকভাবে নজির হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা স্বজনদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে আটটি ঘরের আসবাবপত্রসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রনক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন আহত হয়। আহতদের মধ্যে নজির হোসেন (৪০), তোজাম্মেল হক (৩২), কাসেম আলী (২৩), হোসেন মিয়া (৩৪), মাজেদা বেগম (২৬), সাহেদা বেগসহ (২৫) ১৫ জনকে পীরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পীরগজ্ঞ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে তারা আসার আগেই আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
‘আমার ছেলের মতো কেউ জঙ্গি হইয়ো না’
‘রাস্তা দখল হয়ে গেলে ফোর লেন, এইট লেন করে কোনও লাভ হবে না’
/বিটি/








