দিনাজপুরের হিলিতে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বদিউজ্জামান সুজন (৩৫) বোয়ালদাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং হাকিমপুর ডিগ্রি কলেজের প্রভাষক। ঘটনার পর থেকেই হামলাকারী রবিউল ইসলাম ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, বৈগ্রাম বাজারের পাশে দুই বিঘা জমি নিয়ে একটি পুকুর আছে। স্থানীয় ‘বৈগ্রাম যুব উন্নয়ন ক্লাব এন্ড লাইব্রেরি’ লিজ নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে। নিহত বদিউজ্জামান সুজন ওই ক্লাবের সভাপতি। অপরদিকে পুকুরটি নিজেদের বলে দাবি করে আসছেন একই গ্রামের সফিকুল ইসলাম ও তার ছেলে রবিউল ইসলাম। এই বিরোধ নিয়ে মামলাও চলছে।
এ অবস্থায় শনিবার সকালে সুজনের নেতৃত্বে বৈগ্রাম যুব উন্নয়ন ক্লাব এন্ড লাইব্রেরির সদস্যরা পুকুরের কচুরিপানা পরিষ্কার করতে যায়। তাতে সফিকুল ইসলাম ও রবিউল ইসলামসহ তাদের পরিবারের লোকজন বাধা দিলে মারামারি শুরু হয়। একপর্যায়ে লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজনের।
এই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত রবিউলের বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
/এআরএল/








