কুড়িগ্রামের ফুলবাড়ীতে মেয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পৈশাচিকভাবে নির্যাতন চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার উপজেলার উত্তর কাশিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী গুরুতর আহত দুই কিশোরকে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এলাকাবাসী ও নির্যাতিত কিশোরদের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকালে আব্দুল কাদেরের কিশোরী কন্যা হাঁস নিয়ে বাড়িতে ফেরার সময় একই এলাকার ফজলুল হকের ছেলে হেলাল উদ্দিন (১৬) ও ভাগ্নে আলিমুল (১৭) মেয়েটিকে অশ্লীল কথা বলে। বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজনকে জানালে মেয়েটির বাবা আব্দুল কাদের,জেঠা কালাম মিয়া ও চাচা শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে হেলাল ও অলিমুলকে ধরে আনেন। পরে তাদের গাছের সঙ্গে বেঁধে প্রায় আধা ঘন্টা লাঠি দিয়ে পৈশাচিকভাবে মারপিঠ করেন।পরে এলাকাবাসীর সহযোগিতায় ওই দুই কিশোরকে গুরুতর আহতাবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে তাদের পরিবার।
নির্যাতনের শিকার হেলাল উদ্দিনের পিতা ফজলুল হক জানান, আমার ছেলে যদি দোষ করে থাকে, তারা আমাকে বিচার দিতে পারতো। তারা পুলিশকেও খবর দিতে পারতো। তা না করে তারা আমার ছেলেকে গাছের সাথে বেঁধে পিটিয়েছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার এসআই (তদন্ত) শাহিনুল আলম জানান, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। নির্যাতিত কিশোরদের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বাহুবলে ৪ শিশু হত্যা মামলার চার্জ গঠন পেছালো
/এপিএইচ/আপ-এআর/








