ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গচিত্র পোস্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার গাইবান্ধা সদর থানা আমলি আদালতে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো.শাহীদ হাসান লোটন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, শুনানি শেষে আদালতের বিচারক হাকিম জয়নুল আবেদিন বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে আগমী ১৩ নভেম্বরের মধ্য আদালতে রিপোর্ট দাখিলের জন্য গাইবান্ধা সদর থানার ওসিকে আদেশ দিয়েছেন।
গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন জানান, বিএনপি নেতা চৌধুরী তানভির আহমেদের ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টায় ফেসবুকে তার নিজস্ব আইডিতে ইংরেজিতে একটি স্ট্যাটাসে লিখেছেন- শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। এছাড়াও ১৫ সেপ্টেম্বর রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এর পাশাপাশি তার নিজের অফিসিয়াল ফেসবুকের পেজে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র উল্লেখ করেও তা ছবি আকারে পোস্ট করেন। ফেসবুকে দেওয়া এ স্ট্যাটাসটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হলে তার রেফারেন্স দিয়ে এই মামলাটি দায়ের করা হয়। মামলায় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে।
/এআর/








