নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু দুটি হলো ওই গ্রামের ফারুক হোসেনের মেয়ে রিয়া আক্তার (৮) ও আশরাফ হোসেনের মেয়ে আশা মনি (৭)।
কুন্দপুকুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী জানান, শনিবার বিকালে শিশু দুটি অন্য শিশুদের সঙ্গে পুকুরের কাছে খেলছিল। খেলার এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে শিশু দুটি পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকাবাসী পুকুরে তল্লাশি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা।
/এআর/








