ভারতীয় নাগরিক উদয় নাথ বর্মণকে (৪৭) ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৩৭ মাস কারাভোগের পর মঙ্গলবার তাকে দেশে ফেরত পাঠানো হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. রফিকুজ্জামান ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. নাসির হোসেনের কাছে উদয় নাথ বর্মনকে হস্তান্তর করেন। এসময় সেখানে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার দেশ রাজ সিং উপস্থিত ছিলেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. রফিকুজ্জামান জানান, গত ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে উদয় নাথ বর্মন হিলি সীমান্তের ফকিরপাড়া নামক এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ঠাকুরগাঁওয়ে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে প্রায় ২৪ দিন অবস্থানের পর পুনরায় হিলি সীমান্তের একই পথ দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে পুলিশ সোপর্দ করেন।
পরে দিনাজপুর জেলা কারাগারে দীর্ঘ ৩৭ মাস কারাভোগের পর মেয়াদ শেষে মঙ্গলবার সকালে কারাগার কর্তৃপক্ষ তাকে আমার নিকট হস্তান্তর করে। পরে কাগজপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ করে উদয় নাথ বর্মনকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। উদয় নাথ বর্মন ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রাজনগর এলাকার কলোনি গ্রামের প্রণব নাথ বর্মনের ছেলে।
/এমও/








