কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তার নাম মোখলেছুর রহমান (২৫)। তিনি উপজেলার ধর্মপুর গ্রামের সহিদার রহমানের ছেলে বলে জানা গেছে।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে সাত থেকে দশজনের সংঘবদ্ধ বাংলাদেশি গরু ব্যবসায়ীর একটি দল ভারত থেকে আন্তর্জাতিক পিলার নং ৯৪২ এর সাব পিলার ৮ এসের পাশ দিয়ে গরু আনতে গেলে ভারতীয় সেউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও খাইরুল গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে । বর্তমানে সে গোপনে রংপুর শহরের কোনও এক ক্লিনিকে চিকিৎসা করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সীমান্তে গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। পরে ভারত ও বাংলাদেশের কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার দিবাগত রাতে (১৩ নভেম্বর) একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল সীমান্তে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে বাংলাদেশির বাড়িতে হামলা চালায় ভারতীয় নারায়ণগঞ্জ ক্যাম্পের তিন বিএসএফ সদস্য। এ ঘটনায় উপজেলার সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
/এআর/








