দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ধর্ষন চেষ্টার মামলা দায়ের হয়েছে। সোমবার সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীর মেয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ মামলাটি এজাহার হিসেবে রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীর (আফতাব আলী) মেয়ে তার বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য দীর্ঘদিন ধরে মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আব্দুর রশিদের কাছে ধরনা দিয়ে আসছিল। এরই মধ্যে গত ৭ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালক ওই মেয়েকে চিনিকলের মুর্শিদহাট খামারে আসতে বলেন। সেখানে গেলে ব্যবস্থাপনা পরিচালক ওই মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে বিষয়টি বোচাগঞ্জ থানায় অভিযোগ করলেও মামলা না নেওয়ায় ওই মেয়ে গত রোববার দিনাজপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার বিচারক মামলাটি গ্রহণ করে তা এজাহার হিসেবে রজু করার জন্য এবং তদন্তের জন্য বোচাগঞ্জ থানাকে নির্দেশ দেন।
এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এসএম আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। ওই মেয়ে দীর্ঘদিন তাকে চাকরি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। চাকরি না দেওয়ায় ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে এই মিথ্যা ঘটনা সাজানো হয়েছে।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, এখনও তিনি ঘটনাটি জানেননি।থানায় এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ দেয়নি। আদালতের নির্দেশ এখনও হাতে পাননি।
/এআর/








