ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ও নির্যাতনে নিহত বাংলাদেশি আসাদুজ্জামানের মরদেহ সোমবার ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে বিজিবি। রবিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবিকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানায় বিএসএফ। রবিবার রাতে নিহত আসাদুজ্জামানের ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেওয়া হবে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও এলাকাবাসী সূত্র জানায়, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে আদিতমারী সীমান্তের দূর্গাপুর বিওপি ক্যাম্পের ৯২৪/৮ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ৫ থেকে ৭ সদস্যের একটি দল গরু আনতে ভারতের ১০০গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় জলাপাইগুড়ি ফালাকাটা-১০০ বিএসএফ ব্যাটালিয়নের সিংগিমারী বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও গুলিতে আহত আসাদুজ্জামানকে আটক করে নিয়ে যায় বিএসএফ । পরে তাদের অমানবিক নির্যাতনে সিংগীমারী ক্যাম্পে আসাদুজ্জামান মারা যায়।
এ ঘটনা জানতে পেরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের মোগলহাট কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়। এ ঘটনায় বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে বিজিবি জানিয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি পরিচালক মেজর জিয়া মো. মাসুম বিন কুদ্দুস ঘ বলেন, ‘আসাদুজ্জামান নামে এক বাংলাদেশি বিএসএফের হাতে আটকের পর নির্যাতন মারা গেছে। বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠক হয়েছে। সোমবার বিকালে নিহতের মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। এ ঘটনায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকেরও আহ্বান করা হয়েছে।’
/এআর/








