কনের বাড়িতে চলছে বিয়ের ধুমধাম। বরযাত্রীও এসে গেছে। তখন চলছে অতিথিদের আপ্যায়ন। অপেক্ষা শুধু কাজী ও ইমাম সাহেবের। এমন সময় আচমকা বিয়ে বাড়িতে হাজির একদল পুলিশ। নিমেষেই বদলে যায় বিয়ে বাড়ির চিত্র।
অবস্থা বেগতিক দেখে বর ও বরযাত্রী দিলো ভোঁ দৌড়। ফলে বিয়ের অনুষ্ঠান বন্ধ হলো। আর বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পায় নার্গিস খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী।
সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নার্গিসের সঙ্গে মধ্যে রামচন্দ্রপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে সিরাজুল ইসলামের (২৩) বিয়ে ঠিক হয়। সোমবার রাতে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বাল্য বিয়ের খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ উপস্থিতি দেখে বর ও বরযাত্রী পালিয়ে যায়।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিব বাহার বলেন, বাল্য বিয়ে হচ্ছে এমন গোপন খবরে অভিযান চালানো হয়। এসময় বর পালিয়ে যায়। পরে মেয়ের বাবা এই মর্মে মুচলেকা দেন যে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত তার বিয়ে দেবেন না।
/এসটি/








