দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ গোলাপ হোসেন (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোররাত সাড়ে ৩টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১৪ নং সাব পিলারের এলাকাধীন ফকিড়পাড়া এলাকা থেকে অস্ত্র গুলিসহ তাকে আটক করা হয়।
বিজিবি জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আটক গোলাপ হোসেন একই এলাকার মৃত সবেদ আলীর ছেলে। শুক্রবার ভোরে হিলি সিপি ক্যাম্পের সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ফকিরপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় গোলাপ হোসেনের ঘরে তল্লাশি চালিয়ে তার বালিশের নিচ থেকে একটি যুক্তরাষ্ট্রের তৈরি নাইন এমএম পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এসময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গোলাপ হোসেনকে আটক করা হয়। পরে তাকে হাকিমপুর থানায় সোর্পদ করে বিজিবি বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং ৩৭, তারিখ ৩০/১২/১৬।
/এমও/







