দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে নিজ বাড়ি চত্বরে সাহাবাজ (মাস্টারপাড়া) এলাকায় কোরআন তেলাওয়াত করে সুন্দরগঞ্জ উপজেলার পাঁচ মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিম শিক্ষার্থী। পরে দুপুরে লিটনের কবরের পাশে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠিত দোয়ায় লিটনের অত্মীয়-স্বজন ও বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিমসহ সর্বস্তরের লোকজন অংশ নেয়।
এদিকে, লিটন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার সকাল থেকে তিনদিনের শোক কর্মসূচি পালন করছে। মঙ্গলবার বিকালে বিক্ষোভ ও সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ অনুষ্ঠিত হবে।
এর আগে, সোমবার বাদ আসর নিজ বাড়ি চত্বরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
/এআর/








