গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মন্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় মানববন্ধন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে আসামিদের গ্রেফতারে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে বামনডাঙ্গা ফুটবল ও ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত বামনডাঙ্গা বাজারের পাকা সড়কের দুপাশে দেড় কিলোমিটার সড়ক জুড়ে এ মানববন্ধন কর্মসূচি এক বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। মানববন্ধনে বামনডাঙ্গা ও আশপাশ এলাকার আট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইমান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমেস উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাংবাদিক হাবিবুর রহমান হবি প্রমুখ।
সমাবেশে বিক্ষুব্ধ বক্তারা আগামী ১০ জানুয়ারির মধ্যে এমপি লিটন হত্যার খুনিদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সুন্দরগঞ্জ উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধসহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করেন। একই সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ও ব্যবসা প্রতিষ্ঠানে লাগাতার কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হবে।
বিচারের দাবিতে লাগাতার আন্দোলনে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ লিটন মঞ্চ:
এদিকে, এমপি লিটন হত্যাকাণ্ডে স্বাধীনতার স্বপক্ষের মানুষসহ সর্বস্তরের মানুষকে ব্যাপক নাড়া দিয়েছে। হত্যাকাণ্ডের আটদিন অতিবাহিত হলেও চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদঘাটন বা হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় ফুঁসে উঠেছে সর্বস্তরের জনসাধারণ। বিশেষ করে এ ঘটনার বিচার দাবিতে তরুণ সমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
লিটন হত্যাকারী গ্রেফতার ও তাদের সব্বোর্চ শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালনে সর্বস্তরের মানুষের সমন্বয়ে বামনডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে শহীদ লিটন মঞ্চ। রবিবার সকালে এ মঞ্চ তৈরি করা হয়। এখন থেকে এই মঞ্চেই প্রতিদিন প্রতিবাদ সমাবেশসহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
আরও পড়ুন:
এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
/বিটি/








