পুলিশের আইজিপি একেএম শহিদুল হক বলেছেন, ‘রংপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলা এখনও জঙ্গি মুক্ত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ পর্যন্ত যত জঙ্গি ধরা পড়েছে এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যারা নিহত হয়েছে তারা সবাই এ অঞ্চলের। বিশেষ করে গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী ও চাঁপাইনবাবগজ্ঞ জেলার বেশির ভাগ জঙ্গি অভিযানে এবং বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ফলে উত্তরাঞ্চল জঙ্গিদের আস্তানা বলা যায়।’
বুধবার সকালে রংপুর পুলিশ লাইন মাঠে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করার সময় এসব কথা বলেন পুলিশের আইজিপি।
তিনি আরও বলেন, ‘বিশেষ করে যুবক ছেলেদের ভুল বুঝিয়ে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে। তাদের এই বলে মগজ ধোলাই করা হচ্ছে যে জঙ্গি কর্মকাণ্ডে অংশ নিলে, মানুষ হত্যা করলে এবং এসব কাজ করতে গিয়ে মারা গেলে সে নিশ্চিতভাবে জান্নাতে যাবে। এসব কথা বলেই তাদের জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে।’
এর আগে আইজিপি পুলিশ লাইন মাঠে এসে পৌঁছালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখানে দুস্থদের মাঝে কম্বল বিতরণ শেষে নগরীর গোমস্তপাড়া এলাকায় কমিউনিটি পুলিশিং কার্যালয়ে যান। সেখানেও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
আরও পড়ুন:
জঙ্গিবাদকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
/বিটি/








