আজ ১৩ জানুয়ারি, শুক্রবার। দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের ট্রেন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের এই দিনে হিলি রেলস্টেশনে ঘটেছিল এক হৃদয় বিদারক ট্রেন দুর্ঘটনা। সে দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। সেই দিনের কথা মনে হলে আজও গা শিউরে ওঠে হিলিবাসীর।
হিলি রেলওয়েস্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৩ই জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ৯টায় হিলি রেলস্টেশনের ১নং লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ-পার্বতীপুরগামী ৫১১ নং লোকাল ট্রেনটি। এদিকে ভুল সংকেতের কারণে সেই ১নং লাইনেই ঢুকে পড়ে সৈয়দপুর-খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। মুহূর্তের মধ্যেই দুটি ট্রেনের মুখোমুখি সংষর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ ৩টি বগি। পরে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের সদস্যসহ স্থানীয়রা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করেন। ওই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে দেড় শতাধিক লোক মারা যায়। কিন্তু সরকারিভাবে মৃতের সংখ্যা ঘোষণা করা হয় ২৭ জনের। দুর্ঘটনার পরের দিন ১৪ জানুয়ারি শনিবার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হিলিতে এসে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দিনটিকে স্মরণ করে ক্লাবের উদ্যোগে দুর্ঘটনায় নিহতদের স্মরণে রেলওয়ে স্টেশনের ক্লাবচত্বরে প্রতিবছরের এই দিনে দোয়া, মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
/এআর/








