গাইবান্ধা সদর উপজেলায় ‘কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি’ বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় নাশকতার মামলায় প্রধান সন্দেহভাজন আসামি মো. রঞ্জু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৯ জানুয়ারি) বিকালে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন প্রধান আসামি হিসেবে রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের তীরে চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গণউন্নয়ন একাডেমি। বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের সহায়তায় ২০০৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে আগুন দেয়। আগুনে অফিস কক্ষসহ সাতটি ক্লাস রুম, এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট, আসবাবপত্র,শিক্ষা সরঞ্জাম পুড়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি নাশকতার মামলা করেন।
/বিটি/
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যান যাচ্ছে জাদুঘরে, ভ্যানচালক বিমান বাহিনীতে








