রংপুরের তারাগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। তারা হলেন, মশিউর রহমান, বিজয়।
বুধবার ভোরে উপজেলার লেংটিছিড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপ গান ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে। তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ একথা জানিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার ভোরে রংপুর দিনাজপুর মহাসড়কের লেংটিছিড়া ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে এতে দুই ডাকাত নিহত হয়।
তারাগঞ্জ থানার এস আই মিজানুর রহমান জানান, নিহত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের দুজনের বিরুদ্ধে ১৪-১৫টি করে ডাকাতি মামলা রয়েছে।
ময়নাতদন্তের জন্য দুই ডাকাতের মরদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
/এসটি/








