গাইবান্ধার সদর উপজেলার ‘কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমী’ বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় মামলায় গ্রেফতার মো. রঞ্জু মিয়াকে (৩০) আবারও সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছ পুলিশ। শুনানি শেষে আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নুল আবেদিন এ আদেশ দেন।
কোর্ট পুলিশ পরিদর্শক (জিআরও) শাহ আলম রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রঞ্জুকে তিনদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। তিনদিনের রিমান্ড শেষে আবারও সাতদিনের রিমান্ড চেয়ে আজ (শুক্রবার) আদালতে রঞ্জুকে হাজির করা হয়।
রঞ্জু মিয়া সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মো. মজিবর রহমানের ছেলে।
কোর্ট পুলিশ পরিদর্শক (জিআরও) শাহ আলম জানান, রঞ্জু মিয়াকে আবারও সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক শুনানি শেষে রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, ‘রঞ্জু মিয়াকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এ কারণে আরও সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের তীরে চরাঞ্চল জুড়ে একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গণ উন্নয়ন একাডেমী। বে-সরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের সহায়তায় ২০০৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বৃহস্পতিবার গভীর রাতে দৃর্বৃত্তরা বিদ্যালয়ে আগুন দেয়।এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামী করে সদর থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন।
/এমডিপি/








