কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়ারচর সীমান্ত এলাকা থেকে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের জন্মবিরতিকরণ পিল (বাংলাদেশি সুখী বড়ি) জব্দ করেছে বিজিবি।
বুধবার ভোর রাতে পাখিউড়ারচর বিওপির বিজিবি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক পিলার নং- ১০৩৯ এর ৮ এস থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতরে আইরমারী নামক স্থানে অবস্থান নেয়। এ সময় দুজন লোক মাথায় বস্তা নিয়ে যাচ্ছিল। তারা টহলদলকে দেখা মাত্রই বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহলদল বাংলাদেশি সাত হাজার একশ পাতা সুখী বড়ি জব্দ করে। জব্দকৃত সুখী বড়ির বাজার মূল্য ২৭ লাখ ৮২ হাজার ৫৭০ টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আউয়াল আহম্মেদ বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা এসব সুখী বড়ি সীমান্তের কাছে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত সুখী বড়ি কাস্টমস অফিসে জমা করা হবে।
/বিটি/








