গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল রেজিস্ট্রেশনসহ নানা অনিয়ম ও দুর্নীতির সরেজমিন তদন্ত হয়েছে। রবিবার দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং বিভাগে সিনিয়র সহকারী সচিব মো. মনিরুজ্জামান এই তদন্ত করেন।
গাইবান্ধা জেলা রেজিস্ট্রার মো.আইয়ুব আলী জানান, আইন মন্ত্রণালয় গঠিত সলিসিটর উইং বিভাগের সিনিয়র সহকারী সচিব সদর সাব-রেজিস্ট্রি অফিসের জাল দলিল রেজিস্ট্রেশনসহ নানা অনিয়ম ও দুর্নীতির সরেজমিন তদন্ত করেছেন।
তিনি আরও জানান, গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কার্যালয়টি গাইবান্ধা দলিল লেখক সমিতির সভাপতি নুর এ হাবিব টিটনের হাতে জিম্মি হয়ে পড়েছে। এখানে সপ্তাহে দুইদিন জমি রেজিস্ট্রি হয়। ওই দুইদিন ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে কার্যালয়টি নিয়ন্ত্রণে রাখেন সমিতির সভাপতি নুর এ হাবিব টিটন। তিনি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের একটি কক্ষ দখল করে সমিতির কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। সমিতিতে দলিল প্রতি ২ হাজার টাকা চাঁদা না দিলে কোনো জমি রেজিস্ট্রি করতে দেওয়া হয় না। কোনও দলিল লেখক প্রতিবাদ করলে তার লাইসেন্স বাতিল করাসহ নানা রকমের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হয়। খারিজ ছাড়া প্রতি দলিল রেজিস্ট্রি করতে ঘুষ দিতে হয় পাঁচহাজার টাকা।
এছাড়াও দলিল লেখক সমিতির নেতাদের ছত্রছায়ায় জাল দলিল সম্পাদন, বালাম বইয়ের পাতা ছেঁড়াফাটা সংযোজনসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ আগেও বিভিন্ন গনমাধ্যমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের এই তদন্ত অনুষ্ঠিত হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং বিভাগে সিনিয়র সহকারি সচিব মো. মনিরুজ্জামান বলেন, নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।
/জেবি/
আরও পড়তে পারেন: নওগাঁয় ছাত্র খুনের ঘটনায় মামলা: আটক তিন








