ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে তিন বাংলাদেশি। মঙ্গলবার (১৪ মার্চ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ ওই তিন বাংলাদেশিকে ফেরত দেয়। এ সময় বিজিবি ও বিএসএফ’র স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পচাভান্ডার এলাকার ফজর উদ্দিনের ছেলে নূর হোসেন ওরফে নবু (২৫), একই এলাকার আজর উদ্দিনের ছেলে মেরাজুল ইসলাম (২৬) ও একই উপজেলার পানবাড়ী এলাকার আফছার আলীর ছেলে সাবু মিয়া (২৪)।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ ও বুড়িমারী স্থলবন্দর বিজিবি সূত্র জানায়, দেশে ফেরত আসা তিন বাংলাদেশি ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিনা পাসপোর্টে আর্ন্তজাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ’র হাতে আটক হন। পরে বিএসএফ তাদেরকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করলে তাদের জেলহাজতে পাঠানো হয়। ভারতীয় কুচবিহার সংশোধনাগার থেকে সাজা শেষে ১৪ মার্চ মঙ্গলবার ভারতীয় কর্তৃপক্ষ চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের ফেরত দেন।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ ভারতীয় কারাগারে সাজা শেষ হওয়া তিন বাংলাদেশিকে হস্তান্তর করেন। বাংলাদেশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই তিন নাগরিককে তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হয়েছে।’
/এআর/








