গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাকিল পরিবহন নামে একটি নৈশ্য কোচ খাদে নিহতের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন।
রবিবার (১৯ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ৪১ মাইল (জুম্মারঘর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিলফামারী জেলার জলঢাকার ওহাব মণ্ডল, দিনাজপুরের খানসামার আশরাফুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার নারায়ন গ্রামের শাপলা বেগম ও তার ৬ বছরের শিশু ছেলে আব্দুল আলিম।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশ কোচটি সৈয়দপুর যাচ্ছিলো। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘর এলাকায় পৌঁছালে পাটগ্রাম থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু, এক নারীসহ চারজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ৯ জন নারী-পুরুষ। ওভারটেকিং এর কারণে এ দুঘটনা ঘটেছে বলেও জানান ওসি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আর আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হবে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
/এফএস/
আরও পড়ুন-








