রংপুরে শহীদ আব্দুর রাজ্জাকের কবর ভেঙে স্থানীয় একটি প্রভাশালী পরিবার সেখানে দোকান নির্মাণ করছেন বলে এলাকাবাসীর অভিযোগ।এ ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রংপুর নগরীর ইসলামপুর হনুমানতলা এলাকায় ১৯৭১ সালের ২৪ মার্চ পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন আব্দুর রাজ্জাক।
এলাকাবাসী ও স্বজনরা জানান, ২৪ মার্চ বিকেলে রংপুর নগরীর সদর হাসপাতালের সামনের সড়কে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত আব্দুর রাজ্জাককে পর দিন সকালে রংপুর নগরীর হনুমানতলার ইসলামপুরে দাফন করা হয়। স্বাধীনতার পর শহীদ আব্দুর রাজ্জাকের কবর বাঁধানো হয়। প্রতিবছর ২৪ মার্চ সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এলাকাবাসীসহ রংপুরের মানুষ।
ওই এলাকার সাবেক প্রকৌশলী রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন
তাদের বাড়ি সংলগ্ন শহীদ রাজ্জাকের কবরের আশপাশের জায়গা দখল করে নিয়েছে বলে এলাকাবাসী জানায়। শনিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাকের কবরের চারদিকে দেয়াল ভেঙে সেখানে দোকান নির্মাণ করার সময় এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ সময় শহীদ আব্দুর রাজ্জাকের ছোট ভাই আব্দুল হাই খোকন অভিযোগ করেন, রফিকুল ইসলাম আমার ভাইয়ের কবরস্থানের বিশাল জায়গা দখল করার পর এখন তার কবরটিও দখলের চেষ্টা করছেন। তিনি অবিলম্বে প্রকৌশলী ও তার পরিবারের লোকজনকে গ্রেফতারের দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসনা বানু জানান, শহীদ আব্দুর রাজ্জাকের কবরটি এলাকাবাসী দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রেখেছে। যে কোনও মূল্যে তিনি কবরটি সংরক্ষণের দাবি জানান।
এলাকাবাসীর বিক্ষোভের মুখে কবর দখলকারী সাবেক প্রকৌশলী রফিকুল ইসলাম ও তার স্বজনরা বাসার প্রধান গেটে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান করছিলেন। অনেক চেষ্টা করেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিকাল সাড়ে ৩টার দিকে মোবাইল ফোনে প্রকৌশলী রফিকুল ইসলামের বড় মেয়ে পরিচয় দিয়ে এক নারী জানান, সেখানে একটি কবর ছিল সেটা পরিত্যক্ত কবর এ রকম কবর সারা দেশেই আছে। তাই বলে সেখানে স্থাপনা নির্মাণ করা যাবে না কেন? তিনি পুরো জায়গাটা তাদের বলে দাবি করেন।
এ ব্যাপারে কোতোয়ালী থানার এস আই শাহিন জানান, শহীদ রাজ্জাকের কবর যাতে কেউ দখল করতে না পারে সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
/জেবি/
আরও পড়তে পারেন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১







