গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান ডিপটিকে হত্যা কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গাইবান্ধার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদিন তার জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে, সোমবার রাজীব গান্ধীকে একই আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডে নেয় সিআইডি পুলিশ।
এর আগেও গত ২৭ মার্চ একই আদালতে সাঘাটা উপজেলার বসন্তের পাড়া গ্রামে ২০১৫ সালের ১৯ জুলাই ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রাজীব গান্ধী।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফি বিষয়টি নিশ্চিত করে জানান, গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের ঘোড়াবান্দা এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান ডিপটিকে ২০১৫ সালের ২ জুন পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় রাজীব গান্ধীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার দায় স্বীকার করে। সেকারণে সিআইডি তাকে রিমান্ডের তৃতীয়দিন জবানবন্দির জন্য আদালতে হাজির করে।
কোর্ট পুলিশ পরিদর্শক (জিআরও) মো. জামাল উদ্দিন জানান, দীর্ঘ সময় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জঙ্গি রাজীব গান্ধী। জবানবন্দি শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
রাজীব গান্ধী ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে। তিনি স্কুল শিক্ষক মাওলানা ওসমান গণি মণ্ডলের ছেলে।
/বিএল/








