গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ফুলমিয়া ব্যাপারী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ফুলমিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহারুল ও কালাম গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বৃস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠি দিয়ে ফুল মিয়াকে বেধরক পেটায় প্রতিপক্ষ। পরে স্থানীয়রা ফুলমিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হরিণামারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে শুক্রবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
/এমও/








