১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকালে সাড়ে ১০টায় দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের কাঞ্চন রেলওয়ে স্টেশনের সামনে একটি ডেমু ট্রেন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, এ ঘটনায় স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে কাঞ্চন রেলওয়ে স্টেশন মাস্টার ইদ্রিস আলী খান ও পয়েন্টম্যান খাদেমুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ে সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ট্রেনটি কাঞ্চন রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় পয়েন্ট ত্রুটির কারণে রেলের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
/বিএল/








