গাইবান্ধার সাঘাটা উপজেলার শিশু ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি নজরুল ইসলামকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সাঘাটা উপজেলার নলছিড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে, নজরুল ইসলামের বদলে ১০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মোজাফফর রহমান নামে এক রিকশাচালক। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে ১১ দিন ধরে তিনি জেলা কারাগারে রয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক ছানা জানান, শিশু ধর্ষণচেষ্টা মামলার মুল আসামি নজরুল ইসলাম। কিন্তু তার বড়ভাই মজনু মিয়া নজরুলের বদলে মোজাফফর রহমান নামের এক ব্যক্তিকে গত ১০ এপ্রিল আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করতে পাঠায়। কিন্তু বিচারক জামিন না মঞ্জুর করে তাকেও কারাগারে পাঠায়। যেহেতু মুল আসামি গ্রেফতার হয়েছে সেকারণে নজরুলের বদলে কারাগারে থাকা বদলি আসামি মোজাফফর আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পাবেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সাঘাটা উপজেলার নলছিয়া গ্রামের একটি শিশুকে (৮) একই গ্রামের নজরুল ইসলাম (৩৫) ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নজরুলকে একমাত্র আসামি করে ২০১৬ সালের ৬ জানুয়ারি গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শেষে ২৯ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর আদালত নজরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তখন থেকে নজরুল পলাতক ছিল।
/টিএন/








