দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহাজাদা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন, শহীদ মুখতার এলাহী হল ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ বসুনিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক নিতীশ চন্দ্র বর্ম্মন।
ছাত্রলীগের নেতাকর্মীদের নামে উপাচার্যের কার্যালয় রাত অবধি ঘেরাও করে রাখার খবর বিভিন্ন ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ জরুরি সভা ডেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেলোয়ার শাহাজাদা।
জানা গেছে, বুধবার রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশের কয়েকজন নেতাকর্মী ও ৩০/৪০ জন সাবেক নেতা দুপুর ১২ টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান ধর্মঘট শুরু করেন। তাদের দাবি বৃহস্পতিবার উপাচার্য চলে যাওয়ার আগেই চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এ নিয়ে তারা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা ছাত্রলীগের নামেও স্লোগান দিতে থাকেন।
ছাত্রলীগ রোকেয়া ব্শ্বিবিদ্যালয় শাখার সভাপতি আগেই বলেছিলেন, যারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে তাদের সঙ্গে ছাত্রলীগের কোনও সম্পর্ক নেই। ছাত্রলীগের কোনও নেতাকর্মী সেখানে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
/এএ/








