গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ সরকারি খাদ্য গুদামের ৪২ মেট্রিক টন চাল ঘাটতির অভিযোগে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসিএলএসডি) মো. আবদুল্যাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে খাদ্য গুদামটি সিলগালা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার বিকালে তিনি উপজেলা সদরে অবস্থিত গোলাপবাগ সরকারি খাদ্য গুদামে যান। এসময় তিনি গুদামের মজুদের খোঁজখবর নিতে গেলে ৪২ মেট্রিক টন চাল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে খাদ্য গুদামটি সিলগালা করা হয়। এছাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আহাদ আলী জানান, গুদামের চাল ঘাটতির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল্যাহকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়া চাল ঘাটতি ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্যাহর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘চাল ঘাটতির অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবদুল্যাহর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত ও আবদুল্যাহকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’
/এআর/








