গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ছাগলে আম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নজরুল ইসলাম (৫৮) খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের আলহাজ্ব শফিউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নজরুল ইসলামের আম গাছের পাতা খায় চাচাতো ভাই জাহাঙ্গীর হোসেনের একটি ছাগল। নজরুল ইসলাম ছাগলকে তাড়াতে গেলে জাহাঙ্গীর ও তার ছেলে সোহেল রানার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল রানা তার হাতে থাকা ছুরি দিয়ে চাচা নজরুল ইসলামের ঘাড়ে ও কানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নজরুল ইসলামের।
ঘটনার পরই জাহাঙ্গীর ও তার ছেলে সোহেল মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় নিহত নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত জাহাঙ্গীর ও সোহেল রানাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
/বিএল/








