ঈদের ৭ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুর ১টায় ভারত থেকে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব মো. শাহিনুর ইসলাম জানান, ঈদ উপলক্ষে ২৫ জুন (রবিবার) থেকে ১ জুলাই (শনিবার) পর্যন্ত টানা সাত দিন বন্দর দিয়ে দু’দেশের বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। রবিবার (২ জুলাই) দুপুর থেকে বন্দর দিয়ে দু’দেশের আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের সময় বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বৈধভাবে মানুষের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক ছিল।’
/এএইচ/এমও/








