মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখা এই সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘পানি নেমে না যাওয়া পর্যন্ত বন্যা কবলিত এলাকায় খাদ্য সরবরাহ অব্যাহত থাকবে।' রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব মন্তব্য করেন।
ত্রাণমন্ত্রী বলেন,‘বন্যা কবলিত মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ নিয়ে কারওরই কোনও অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না, সে যে দলেরই হোক না কেন।’
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গৃহ নির্মাণের জন্য ৫০০ বান্ডেল টিন এবং ১৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে এই বরাদ্দ কুড়িগ্রামে পৌঁছে যাবে।’ '
অন্যদিকে বানভাসী এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খোঁজ-খবর না নেওয়ায় জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের প্রতিনিধি ও জেলা শিক্ষা কর্মকর্তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সচিব শাহ কামাল।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাফর আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
/এআর/








