ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ হোস্টেলে ছাদের কার্নিশ ধসে পড়েছে। এ সময় হুড়মুড় করে দ্বিতীয়তলা থেকে নামার সময় আতঙ্কে প্রায় ২০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
অজ্ঞান শিক্ষার্থীদের হোস্টেল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- রুবী (১৮), লাজু (১৮), জেসমিন (১৮), খুকু মনি (১৮), মুনমুন (১৮), সোহাগি (১৮), মৌসুমি (১৮), সুমাইয়া (১৮), হোসনেয়ারা (১৮) প্রমুখ।
হোস্টেলে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ দ্বিতীয় তলার ছাদের একটি কোনা ধসে পড়ার শব্দ পায় কয়েকজন শিক্ষার্থী। সেই খবর অন্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে হোস্টেলের ওপর থেকে শিক্ষার্থীরা দ্রুত নামার চেষ্টা করেন। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে ২০ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন।
হোস্টেল সুপার প্রভাষক আব্দুস সালাম জানান, হঠাৎ হোস্টেলের বাইরের কার্নিস ধসে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তখন এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন বলেন, ‘শিক্ষার্থীরা কেউ আহত হয়নি। আতঙ্কে তারা জ্ঞান হারিয়েছিল। তারা হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান সরকার বলেন, ‘বৃষ্টিতে ভিজে হোস্টেলের একটি কার্নিশ ভেঙে পড়ে। দুই বছর আগে এটি সর্বশেষ মেরামত করা হয়। তখন আমি এই পদে ছিলাম না।’
/এফএস/
আরও পড়ুন- ‘নির্যাতনের দৃশ্য ভিডিও করেছে, এসব ইন্টারনেটে গেলে আমার কী হবে?’








