গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় দায়ের অস্ত্র আইন মামলায় চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে চারজন সাক্ষীকে হাজির করা হয়। আদালতের বিচারক রাশেদা সুলতানা তাদের সাক্ষ্যগ্রহণ করেন। এ সময় লিটন হত্যা মামলা ও অস্ত্র আইন মামলার প্রধান আসামি অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আবদুল কাদের খাঁন আদালতে উপস্থিত ছিলেন।
অস্ত্র আইন মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন জহুরুল ইসলাম, ফিরোজ কবীর, রবিউল ইসলাম ও জাহেদুল ইসলাম। এর আগে গত ১৮ জুলাই অস্ত্র আইন মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার সাবেক (ওসি, তদন্ত) আশরাফুজ্জামান আদালতে সাক্ষ্য দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র আইন মামলার ধার্য তারিখ অনুযায়ী চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ সময় আদালতে মামলার প্রধান আসামি সাবেক এমপি আবদুল কাদের খাঁন উপস্থিত ছিলেন’।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার দক্ষিণ সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে চার কিলারের ছোড়া গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। পরে হত্যাকাণ্ডে ব্যবহার করা একটি পিস্তল সাবেক কর্নেল ডা. আবদুল কাদের খাঁনের ছাপরহাটি গ্রামের বাড়ির উঠানে মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা ছাড়াও অস্ত্র আইনে কাদের খাঁনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা হয়।
/বিএল/








