পাথর ছুঁড়ে বাংলাদেশি রাখালকে হত্যা করলো বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৩

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি টহল দলের নিক্ষেপ করা পাথরের আঘাতে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে। এসময় বিএসএফের ককটেলের আঘাতে লোকমান হোসেন নামে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। লালমনিরহাট-১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নিহত রাখালের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বিএসএফ। ময়নাতদন্ত শেষে তা বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
নিহত রাখালের নাম আজাহার আলী (৩৫)। তিনি পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর (গাটিয়ারভিটা) এলাকার ময়নুল হকের ছেলে। আর আহত লোকমান হোসেনের বাড়ি পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায়।
স্থানীয় গরু পারাপারকারী রাখাল ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশি আজাহার আলীসহ ২৫ জনের একদল গরু পারাপারকারী রাখাল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় পাসপোর্ট ছাড়াই সীমান্ত পার হন। তারা পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের সানিয়াজান নদীর ওপর থাকা সানিয়াজান বেইলি ব্রিজের নিচ দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন।
গত ১২ সেপ্টেম্বর গরু নিয়ে একই পথ দিয়ে দেশে ফেরার পথে ভারতীয় কুচবিহার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের হিমকুমারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ককটেল ও পাথর নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় লোকমান হোসেনসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজাহার আলী ঘটনাস্থলেই মারা যান।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ সানিয়াজান নদীর ওপর থাকা বেইলি ব্রিজের ভাটিতে কুচরিপানার ভেতর থেকে উদ্ধার করে বিএসএফ। পরে তারা বিজিবিকে খবর দেয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় নিহত আজাহার আলীর পরিচয় নিশ্চিত করে বিজিবি।
পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান নিহত আজাহার আলীর বাবা ময়নুল হকের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে জানান, আজহার আলী ও লোকমান হোসেন ভায়রা ভাই। তারা একইসঙ্গে সীমান্ত পার হয়েছিলেন। লোকমান হোসেন পালিয়ে আসতে পারলেও আজহার আলী ঘটনাস্থলেই মারা যান। লোকমান হোসেন রংপুরে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান আব্দুল ওহাব।
নিহত আজাহার আলীর প্রতিবেশী রহমানপুর (গাটিয়ারভিটা) এলাকাবার বাসিন্দা ও পাটগ্রাম পৌরসভার হিসাব সহকারী মামুনুর রশীদ বামনদল সীমান্ত থেকে এই প্রতিবেদককে বলেন, ‘নিহত আজাহার আলীর মরদেহ সানিয়াজান নদী থেকে উদ্ধার করে বিএসএফ। তার পরিচয় শনাক্ত করা হয়েছে।’
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত আজহার আলীর মরদেহ বিএসএফ উদ্ধার করে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে তা ভারতীয় পুলিশের মাধ্যমে বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
বিজিবি ব্যাটালিয়নের এই পরিচালক আরও বলেন, ‘এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এছাড়া, আগামীকাল (শুক্রবার, ১৫ সেপ্টেম্বর) ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়ন ও লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (কমান্ডার) পর্যায়ে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন-
মিয়ানমার সীমান্তে স্থলমাইন: রোহিঙ্গাদের মরণফাঁদ
রোহিঙ্গাদের জন্য চাল-কম্বল-তাঁবু পাঠিয়েছে ইন্দোনেশিয়া
মানিকগঞ্জ থেকে আটক ২০ রোহিঙ্গাকে কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম