হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৪৪৭টি মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা।
ঠাকুরগাঁও শহরের রোড বাজারে পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরির কাজ শেষ। এখন রং করতে ব্যস্ত কারিগররা। প্রতিমা কারিগর মানিক চন্দ্র রায় জানান, বংশ পরম্পরায় তারা প্রতিমা তৈরির কাজ করে আসছেন। এবার পূজায় তিনি ৯টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছেন।
প্রতিমা তৈরিতে কেমন খরচ হয় জানতে চাইলে এই কারিগর জানান, ভালো প্রতিমা তৈরি করতে খরচ হয় ২০-২৫ হাজার টাকা। আর একটু নিম্নমানের হলে ১০-১৫ হাজার টাকা।
১২ মাসই তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিমা তৈরির কাজ করেন বলে জানান। তিনি ও তার দলের সদস্যরা সাত দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ দুর্গা প্রতিমা তৈরি করতে পারেন বলে জানান। বাঁশের শলাকা ও কিছু খড়কুটো তার ওপর মাটির প্রলেপ দিয়ে তৈরি করা হয় প্রতিমা। প্রতিমা শিল্পীদের হাতের নিপুণ স্পর্শে ফুটে ওঠে দুর্গা দেবীর প্রকৃত রূপ।
এবার পূজা কেমন হবে জানতে চাইলে সদর উপজেলার আক্চা ইউনিয়নের উত্তম রায় বলেন, ‘এই সময়টাতে এমনিতেই মানুষের হাতে পয়সা থাকে না, তারপর কিছুদিন আগে বন্যা হয়ে গেল। বন্যায় মানুষের বাড়ি-ঘর, ফসল নষ্ট হয়েছে। অন্যদিকে বাজারে সব কিছুর দাম বেশি। তাই আগের মতো এবার তেমন আনন্দ হবে না।’ একই কথা বলেন গড়েয়া ইউনিয়নের বিপ্লব কুমার চক্রবর্তী।
এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার রায় জানান, এবার ৪৪৭টি মণ্ডপে পূজা উদযাপনসহ দেবী বিসর্জনের জন্য বিভিন্ন স্থানে জায়গা তৈরি করা হয়েছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, কড়া নিরাপত্তার জন্য এবার পূজায় পুলিশের সঙ্গে আনসার ভিডিপি মোতায়েন করা হবে।
আরও পড়ুন:








