
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির পুরানো কোম্পানির বদল ও নতুন কোম্পানির আগমন উপলক্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি ও ইলিশ মাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিদায়ী কমান্ডার সুবেদার মাহবুব উল আলম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথেল শেখরের হাতে মিষ্টি ও ইলিশ মাছ উপহার হিসেবে তুলে দেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নতুন কমান্ডার সুবেদার আবু নাছের, ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার হেপুনি কাশিসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের বিদায়ী কমান্ডার সুবেদার মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে জানান, হিলি সীমান্তে দায়িত্বরত বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি বদল হয়েছে। নতুন কোম্পানির সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্প কমান্ডারদের পরিচয় করে দেওয়ার জন্যই আজকে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি ও ইলিশ মাছ উপহার হিসেবে দিয়েছি। বিজিবি-বিএসএফ এর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ বলে জানান তিনি।








