গাইবান্ধায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে বিনামূল্যে বিতরণের জন্য সপ্তম শ্রেণির ট্রাকভর্তি ১০ হাজার বই জব্দ করেছে পুলিশ। এসময় রাজু আহমেদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকসহ বইগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৮ সালের সপ্তম শ্রেণির। জব্দ করা বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়সহ সপ্তম শ্রেণির বিভিন্ন বই রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো.শাহরিয়ার জানান, আটক রাজু ঢাকার সোসাইটি প্রির্ন্টাস থেকে ট্রাকে করে বইগুলো গাইবান্ধায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজু বইগুলো গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বুঝিয়ে দেয়। এরপর সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বই দিতে গিয়ে নকল চালান দেখিয়ে ১০ হাজার বই কম দেয় রাজু।
তিনি আরও জানান, কম দেওয়া ওই ১০ হাজার বই নিয়ে ট্রাক নিয়ে গাইবান্ধা বাস র্টামিনালে আসে রাজু। এসময় রাজু বইগুলো ট্রাক থেকে নামিয়ে পাচারের চেষ্টা করে। পাচারের বিষয়টি টের পেয়ে ট্রাক চালক আবদুর রাজ্জাক টহল পুলিশকে জানালে বইসহ ট্রাকটি জব্দ করে পুলিশ।
আটক রাজু মিয়া ইশা ট্রান্সপোর্টের সুপারভাইজার। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
আগামীকাল শুক্রবার সকালে আটক রাজুকে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি খান মো.শাহরিয়ার।








