রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়ায় তাণ্ডবের প্রধান আসামি প্রকৌশলী ফজলার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তকে গ্রেফতার করা হলেও রবিবার (২৪ ডিসেম্বর) গ্রেফতারের খবর প্রকাশ করা হয়। পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ খবরটি নিশ্চিত করেছেন। তবে ফজলারকে কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে তা তিনি প্রকাশ করেননি।
ডিআইজি খন্দকার গোলাম ফারুখ জানান, তাণ্ডবের ঘটনার সঙ্গে ফজলার সরাসরি জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারের পর তিনি জড়িত থাকার কথা স্বীকারও করেছেন।
ডিআইজি জানান, রবিবার বিকালে আসামিকে আদালতে হাজির না করে আদালতের হাজতখানায় রাখা হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ফজলারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
অপরদিকে আসামি পক্ষে জামিনের আবেদনও করা হয়। বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে আগামী ২৭ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। কোট সিএসআই বাবর আলী আদালতের আদেশটি নিশ্চিত করেছেন।
গত ১০ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে ৩০টি বাড়ি আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় দুবৃর্ত্তরা। ভাঙচুর করা হয় অন্তত ১০টি বাড়ি। গরু-ছাগল হাঁস-মুরগিসহ মালামাল লুট করা হয়। এ ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
আরও পড়তে পারেন: রংপুরে হামলার ঘটনায় দু’টি মামলা, আটক ৫৩








