পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাকচাপায় মাহফুজার রহমান এটম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের বোদা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র। এ ঘটনায় মাজেদুল ইসলাম বাবু (৩০) নামে অপর এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজার রহমান এটম ও মাজেদুল ইসলাম বাবু মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও যাচ্ছিল। বোদা বাইপাস এলাকায় একটি কুকুরকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী মাহফুজ মহাসড়কে পড়ে যান। এসময় দেবীগঞ্জ থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় সিডি ব্যবসায়ী জেলা শহরের পূর্ব জালাসী এলাকার মৃত রায়হানের পুত্র মাজেদুল ইসলাম বাবু। স্থানীয়রা নিহত ও আহত ব্যবসায়ীদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।








