আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে সংস্কৃতি, খেলাধূলা ও অর্থনীতির উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রবিবার (৭ জানুয়ারি) দুপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে মিনি আর্টিফিসিয়াল টার্ফ (কৃত্রিম ঘাস) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশে ফুটবলসহ সবপ্রকার খেলাধূলার উন্নয়ন হয়েছে। অতীতে এত উন্নয়ন হয়েছে কিনা আমার জানা নেই। এরই প্রেক্ষিতে নীলফামারীতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এমন উন্নয়নের ধারায় জেলায় ফুটবলের ঐতিহ্য আমরা ফেরাতে পারবো। এ কাজগুলো হলো ভালোবাসার কাজ, সংস্কৃতির কাজ। এটি সবার মধ্যে থাকলে উন্নয়ন অবশ্যই হবে।’
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করা হয়েছে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা প্রশাসক খালেদ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ফেডারশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সহ সভাপতি তাবিথ আউয়াল, সদস্য আমিরুল ইসলাম বাবুসহ প্রমুখ।








