রংপুর কোতোয়ালি থানা থেকে মাত্র ৫শ’ গজ দূরে উত্তরমুন্সিপাড়া মহল্লায় একটি বাড়ির দুটি ফ্লাটে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ২০ ভড়ি সোনার অলঙ্কার, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, রংপুর নগরীর উত্তর মুন্সিপাড়া মহল্লার ৪ নম্বর বাসার ২ নম্বর রোডের তিন তলা বাড়িতে বৃহস্পতিবার ভোরে ৭/৮ জনের একদল ডাকাত জানালার গ্রিল ভেঙে দোতলায় ঢুকে। ওই ফ্লাটের ভাড়াটিয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলামের বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে স্টিলের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ১৫ ভড়ি সোনার অলঙ্কার ও নগদ ৫ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। এরপর ডা. শরিফুল ইসলামের স্ত্রী ফারজানা বেগমকে জিম্মি করে ওই বাসার নীচ তলায় নিয়ে যায়। পরে ফারজানা বেগমের ডাকে নীচ তলার ভাড়াটিয়া রাজারহাট পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক দরজা খুলে দিলে ডাকাতরা ওই ফ্লাটে ঢুকে পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে সোনার অলঙ্কারসহ নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টা ডাকাতরা এ লুটপাট চালায়।
পুলিশ আরও জানায়, ওই বাড়িটি সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা গোলাম মর্তুজার তিনি তিন তলায় থাকেন। ডাকাতরা ডাকাতি করে চলে যাওয়ার পর তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাট দুটি পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ডাকাতদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে। তবে পুলিশ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি।’
আরও পড়ুন: কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ১








