দিনাজপুরের হিলি থেকে অপহৃত নাহিরুল ইসলাম (৯) নামে এক শিশুকে অপহরণের দুই দিন পর নীলফামারী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আইসডাল নামক গ্রামে অভিযান চালিয়ে ওই শিশুটিকে উদ্ধার করা হয় এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করেছে পুলিশ। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া শিশু নাহিরুল ইসলাম হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের সোলাইমান আলীর ছেলে। সে বাওনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
আটক দুই অপহরণকারী হলো - দিনাজপুরের খানসামা উপজেলার নলবাড়ি গুচ্ছগ্রামের খিতিশ চন্দ্র রায়ের ছেলে পরিমল চন্দ্র রায় (২৩), একই এলাকার ছাতিয়ানগড় গ্রামের সমবারু চন্দ্র রায়ের ছেলে সুবোধ চন্দ্র রায় (৩২)।
ওসি মো. আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, গত ২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর থানার বাওনা গ্রামের একটি মুদি দোকান থেকে নাহারুল ইসলামকে অপহরণকারীরা মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। পরে শিশুটিকে জিম্মি করে তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের লোকেশন চিহ্নিত করে নীলফামারী, সৈয়দপুর ও দিনাজপুরের বীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার বিকালে সৈয়দপুর উপজেলার আইসডাল গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার পুলিন চন্দ্র রায়ের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি শাহজাহান ওরফে হাসান ও পুলিন চন্দ্র রায় পলাতক রয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।








