ঠাকুরগাঁও সদর উপজেলায় রাস্তা পারাপারে সময় অটোচার্জার গাড়ির ধাক্কায় বিথি (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুব পুর এলাকার কালুক্ষেত্র বড়তলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী অটোচার্জার গাড়িটি ভাঙচুর করে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।বিথি ইয়াকুব পুর এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং ইয়াকুব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি পর বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে অটোচার্জার গাড়িটি বিথিকে ধাক্কা দেয়। বাজারের লোকজন বিথিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কালুক্ষেত্র বাজার এলাকার লোকজন অটোচার্জার গাড়িটি ভাংচুর করে চালককে আটকে রাখে। এসময় উত্তেজিত জনগণ রাস্তায় গাছের গুড়ি দিয়ে প্রায় দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও অটোচার্জার গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিয়া বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। অটোচার্জার গাড়ির চালক সাত্তারকে (৫৫) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ১০ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের পর হত্যা,পুলিশের কাছে আসামির স্বীকারোক্তি








