উত্তর বলে দেওয়ার দায়ে দুই শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রবিবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটেছে। এ দিন এসএসসির আইসিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ওই কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুন্নবী মিঠু এবং কেন্দ্রসচিব জামাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
কেন্দ্রসচিব জানান, পরীক্ষাকেন্দ্রের ২ নম্বর কক্ষের পরিদর্শক তপন কুমার এবং ৮ নম্বর কক্ষের পরিদর্শক মো. মমিনুল ইসলাম পরীক্ষার্থীদের নৈর্ব্যক্তিক (বহুনির্বাচনি) অংশের উত্তর বলে দেওয়ার সময় কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের হাতে-নাতে ধরে ফেলেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনা মোতাবেক ওই দুই শিক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুন্নবী মিঠু জানান, ওই দুই শিক্ষক হল পরিদর্শকের দায়িত্ব পালনকালে পরীক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছিলেন এবং একজনের পকেটে আইসিটি বিষয়ের গাইড বই পাওয়া গেছে। তাদেরকে আজকের পরীক্ষাসহ পরবর্তী সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।







