গাইবান্ধায় চার পুলিশকে হত্যায় জামায়াতের সাবেক এমপি আবদুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ২৩২ আসামিকে অভিযুক্ত করে চার্জ গঠন করেছেন আদালত। রবিবার (৪ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলী হোসেন শুনানি শেষে এই চার্জ গঠন করেন। এসময় ২২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জামায়াতের সাবেক এমপি আবদুল আজিজ মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি।
গাইবান্ধা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলওয়ার হোসেন সাঈদির ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের ক্যাডার ও সাঈদির অনুসারীরা সুন্দরগঞ্জ উপজেলায় সশস্ত্র তাণ্ডব চালায়। এসময় তারা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর ২৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে চার্জ গঠনের ধার্য তারিখ ছিল আজ (৪ মার্চ)।
তিনি আরও বলেন, ‘২৩২ আসামির মধ্যে ২২৩ জনের উপস্থিতিতে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটভুক্ত ২৩৫ আসামির মধ্যে তিন আসামির মৃত্যু হওয়ায় তাদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া বাকি ২৩২ জনের মধ্যে সাত আসামি পলাতক ও দুই আসামি জেল হাজতে রয়েছেন। বিচারক আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি করলেও তাৎক্ষণিক মামলার পরবর্তী তারিখ ধার্য করেননি।
আরও পড়ুন: প্লেন থেকে নামিয়ে দেওয়া তরুণীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু








