স্বাধীনতার ৪৭ বছর পর পঞ্চগড় জেলার সীমান্তের তিনটি পিলারের ‘পাকিস্তান’ নাম পরিবর্তন করে সেখানে ‘বাংলাদেশ’ লেখা হয়েছে। সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন তৎকালীন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত এলাকার পাকিস্তানি সীমান্ত পিলারের নাম সংস্কার করেছে।
পঞ্চগড় জেলার ১ হাজার ১৩৩টি পিলারের গায়ে বাংলা বা বাংলাদেশ লেখা থাকলেও জেলার তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার ৩টি পিলারের গায়ে পাক বা পাকিস্তান লেখা ছিল।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, ভারত ও বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তিনটি সীমান্ত পিলারের গায়ে ‘পাক’ (PAK) লেখা ছিল। এর মধ্যে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সরদারপাড়া সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১২ নং সাব পিলার, একই উপজেলার নারায়নজোত সীমান্তের মেইন পিলার ৭৩৪ এর ৩ নং সাব পিলার এবং সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ১৭ নং সাব পিলার এর গায়ে নামফলক হিসেবে ‘পাক’ লেখা ছিল। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেয়ে সেগুলোর গায়ে ‘বাংলা’ লেখা হয়। এর মাধ্যমে জেলায় বিভিন্ন ভারতীয় সীমান্তের সবগুলো সীমান্ত পিলারের গায়ে বাংলা/বাংলাদেশ লেখা হলো।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, ‘পিলারগুলো বাংলাদেশ ও ভারত সীমান্তের অবস্থানের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু করার ছিল না। অনুমতি নিয়ে সোমবার সেগুলোতে ‘বাংলা’ লেখা হয়েছে। এখন থেকে সেখানে পাক নামফলক বিলুপ্ত হলো। বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১ হাজার ১৩৬টি সীমান্ত পিলারের সবগুলোর গায়ে বাংলা লেখা হয়েছে।’








